সিলেটে কথা-কাটাকাটির জেরে মধ্যরাতে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
সিলেটে দুই কিশোরের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে মধ্যরাতে পাঁচ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রাত ১টার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর তেমুখী এলাকার সংলগ্ন কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের মধ্যে বুধবার সন্ধ্যার পর কথাকাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে মধ্যরাতে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে কুমারগাঁও গ্রামের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁও গ্রামের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
তিনি আরও জানান, বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুরুতে কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক সংঘর্ষ বলে দাবি করেছিলেন। তবে তদন্তে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত একটি ঝগড়াকে কেন্দ্র করেই গ্রামবাসীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে