Views Bangladesh Logo

সিলেট চেম্বারের নির্বাচনের তফসিল বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী।

রোববার (২৭ সেপ্টেম্বর) এসসিসিআইয়ের নির্বাহী সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে পদাধিকার বলে সংগঠনটির প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

আগামী ৫ নভেম্বর এসসিসিআইয়ের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে ওই নির্বাচনের তফসিল বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

চেম্বারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় এসসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন বাতিল করা হয়েছে। একই তারিখের পৃথক আদেশে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রশাসকের দায়িত্বের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি সদস্য অন্তর্ভুক্তি ও সদস্য তালিকা হালনাগাদ করবেন। এরপর নতুন করে নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রস্তুতের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রসঙ্গত, ২০০৪ সালের ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে এসসিসিআইয়ের নির্বাচন আয়োজনের জন্য এর আগে দুই দফা তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে উভয়বারই শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ