‘মবের ভয়ে’ সিলেট বইমেলা বাতিল
সিলেটে ‘মবের ভয়ে’ প্রকাশক পরিষদ সিলেটের আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার অনুমতি বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগের দিন অনুমতি দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) থেকে ২ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলার আয়োজনের কথা ছিল। কিন্তু এসএমপি একটি পত্রের মাধ্যমে জানায়, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অনুমতি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রকাশক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মেলার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। এমন অবস্থায় অনুমতি বাতিল হওয়ায় প্রকাশকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
আয়োজকদের দাবি, পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বললেও অংশগ্রহণকারী প্রকাশকদের অভিযোগ, একটি মহল থেকে মেলায় মব সৃষ্টির চেষ্টা ছিল।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের পরিস্থিতিতে গত বছরের ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত বইমেলা বাতিল করা হয়েছিল। ফলে নির্বাচিত সরকারের সময়েও একইভাবে বইমেলা বন্ধ হওয়ায় প্রকাশক ও লেখকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতৃবৃন্দ’ ব্যানারে বইমেলার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। সেখানে বলা হয়, মেলায় ‘নিষিদ্ধ সংগঠনের’ সংশ্লিষ্টতা এবং বিতর্কিত প্রকাশনীকে স্থান দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি সিলেট বিভাগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য সাজন আহমদ সাজু এবং সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জুবায়ের আহমদ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ‘কালচারাল ফ্যাসিস্ট’ ও ‘আওয়ামী দোসরদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এবং বইমেলা প্রতিহতের হুঁশিয়ারিও দেওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে