Views Bangladesh Logo

অ্যামচেমের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন আহমদ

 VB  Desk

ভিবি ডেস্ক

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ কামাল। তিনি বর্তমানে মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংগঠনটির নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা উদ্দিন আহমদ। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজা উর রহমান মাহমুদ।

রোববার(১৪ জুন) রাজধানীর শেরাটন হোটেলে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব গ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে আর্থিক সেবা, এফএমসিজি, রেমিট্যান্স ও ডিজিটাল পেমেন্ট খাতে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি এর আগে ওয়েস্টার্ন ইউনিয়ন, বার্জার পেইন্টস বাংলাদেশ ও এসিআই লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি অ্যামচেমের সহসভাপতি এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অ্যামচেমের নতুন নির্বাহী কমিটিতে আরও রয়েছেন ন্যাটকো বাংলাদেশের এমডি আল-মামুন এম রাশেল, এক্সিলারেট এনার্জির কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া, অ্যাভেরি ডেনিসন বাংলাদেশ ও শ্রীলঙ্কার জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন এবং শপআপ বাংলাদেশের সিইও আতাউর রহিম চৌধুরী।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ তার দায়িত্বকালে চেম্বারের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ