Views Bangladesh Logo

তারেক রহমানকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের অভিনন্দন

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের গঠনমূলক সহযোগিতা আরও গভীর করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার পারমেলিনের শুভেচ্ছা বার্তা সংবলিত চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে সুইস সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে পারমেলিন লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন এবং দায়িত্ব গ্রহণের প্রাক্কালে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছেন।

তিনি আরও উল্লেখ করেন, এ নিয়োগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করেছে। তার নেতৃত্ব দেশের অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন সুইস প্রেসিডেন্ট।

দুই দেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করে পারমেলিন বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ