Views Bangladesh Logo

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বৈঠক করেছেন। রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ড-এর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আলোচনায় উল্লেখ করা হয়, দুই দেশ দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ সুইস বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, যা বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ সুইস পণ্যের উচ্চ মান সম্পর্কে অবগত। দেশের উল্লেখযোগ্য মধ্যবিত্ত শ্রেণিকে বিবেচনায় নিয়ে তিনি বলেন, সুইস পণ্যের দাম প্রতিযোগিতামূলক হলে তা আরও বেশি গ্রাহক আকর্ষণ করবে। এ লক্ষ্যে সেবা খাতে বিনিয়োগ বাড়ালে উভয় দেশই লাভবান হবে।

তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ওষুধশিল্প, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল ও জাহাজ নির্মাণের মতো সম্ভাবনাময় খাতে সুইস বিনিয়োগ বাড়লে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বৈঠকে বাংলাদেশ এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানোর বিষয়ে সুইজারল্যান্ডের সমর্থনও কামনা করা হয়। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী সংগঠন ও চেম্বার অব কমার্সের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং যৌথ উদ্যোগ জোরদারের মাধ্যমে বাণিজ্যের পরিমাণ বাড়ানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি এখনও উল্লেখযোগ্য। তবে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এই ঘাটতি কমানো সম্ভব। তিনি বাংলাদেশে সুইজারল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আগ্রহের কথাও জানান।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ