Views Bangladesh Logo

হাতকড়া পরেই মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম

রাজনৈতিক মামলায় কারাবন্দি থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম খন্দকার মায়ের জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) পুলিশ পাহারায় ও হাতকড়া পরা অবস্থায় তিনি মায়ের জানাজায় অংশ নেন। পরে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে আবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শাহ আলম খন্দকার রাজনৈতিক একটি মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দি রয়েছেন। কয়েক দিন আগে তাকে দেখতে কারাগারে গিয়ে তার মা হালিমা বেগম (৭৫) অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

মায়ের মৃত্যুর পর শেষবারের মতো মুখ দেখার এবং জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন।

প্যারোলে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় তাকে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর লামারবাড়ি গ্রামে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ৩টার দিকে নুরপুর পূর্বপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজায় তিনি অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তার হাতে হাতকড়া ছিল এবং পুরো সময় পুলিশ সদস্যরা তাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হালিমা বেগমকে দাফন করা হয়। পরে নির্ধারিত সময়ের মধ্যে শাহ আলম খন্দকারকে আবার জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

জানাজা শেষে উপস্থিত মুসল্লিদের কাছে মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান শাহ আলম খন্দকার। তিনি বলেন, "আমি মায়ের সেবা করতে পারিনি, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। কয়েক দিন আগে কারাগারে আমাকে দেখতে এসে মা অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছি, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া।"

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আদালতের নির্দেশে শাহ আলম খন্দকারকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা শেষে পুলিশ প্রহরায় তাকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ