শরীয়তপুরে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতার নেতৃত্বে মিছিল, আটক ২
শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতার নেতৃত্বে মিছিল ও সংক্ষিপ্ত পথসভা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শ নেতা–কর্মী ও সমর্থক অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মিছিলটির নেতৃত্ব দেন নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী। মিছিলে অংশগ্রহণকারীরা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং জাতীয় পতাকার পাশাপাশি আওয়ামী লীগের দলীয় পতাকা বহন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৬, শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’ লেখা একটি ব্যানার নিয়ে গঙ্গানগর বাজারে মিছিল করা হয়। পরে বাজারের শেষ প্রান্তে গঙ্গানগর–কাজিরহাট সড়কে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন মিথুন ঢালী।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা সরে যান। পরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত দিন