Views Bangladesh Logo

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন (২৬) নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী খুন হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া গ্রামে খুনের এই ঘটনা ঘটে।

নিহত শয়ন জোড়গাছা মধ্যপাড়া গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। তিনি ভেলাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। এ ছাড়াও তিনি বিএনপি নেতা ও ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমির ভাতিজা।

স্থানীয় বাসিন্দারা জানান, শয়ন তার বন্ধুদের সঙ্গে জোড়গাছা বাজারের অদূরে টগরের রাইস মিলের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে সেখানে কে বা কারা তার পেটে ছুরিকাঘাত করে। লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরপরই তিনি মারা যান।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান জানান, নিহত শয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে কারা তাঁকে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার পরপরই পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ