Views Bangladesh Logo

প্রেম নিয়ে মন্তব্যে বিতর্ক, সমালোচনার কড়া জবাব স্বস্তিকার

সারা বছর চলচ্চিত্রকেন্দ্রিক আলোচনায় খুব বেশি না থাকলেও ব্যক্তিগত জীবন ও স্পষ্টভাষী মন্তব্যের কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার প্রেম নিয়ে করা এক মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে সমালোচনার মুখে পড়ে চুপ না থেকে সামাজিক মাধ্যমে কড়া ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন অভিনেত্রী।

সম্প্রতি ‘একই সঙ্গে একাধিক প্রেমে থাকা ভালো’-এমন মন্তব্য করেন স্বস্তিকা। বিষয়টি ঘিরে নানামহলে শুরু হয় তীব্র আলোচনা। সমালোচনার মুখে পড়ে মুখ বুজে থাকার মানুষ নন তিনি। তাই পালটা প্রতিক্রিয়াও জানিয়েছেন।

বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক মাধ্যমে স্বস্তিকা লেখেন, ‘হ্যাঁ, একই সঙ্গে একাধিক প্রেমের কথা বলেছি। বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া প্রশ্ন করবে, আমি এ রকম বা আরও নানা রকম উত্তর দেব। আপনাদের পোড়া কপাল মাজাটাকে মজা ভেবে নিতে পারেন না। এমনভাবে প্রেম নিয়ে আমার কথাগুলো তুলে ধরা হচ্ছে, যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। জানেন কে? জানেন না।’

অভিনেত্রী আরও লেখেন, ‘পড়াশোনা না করে সারাদিন কে কী বলল, কে কী খেল, কে কার সঙ্গে রোমাঞ্চ করলো- তা নিয়েই ব্যস্ত থাকেন। সমাজে কবে যে প্রেম এত বড় কোনো গুরুতর অন্যায় হয়ে গেল, যা নিয়ে সারাক্ষণ জট পাকাতে হবে, জানি না। আর কথা বলতে হলে যারা প্রশ্ন করছে, তাদেরই বলুন না দিদি। প্রশ্ন করলে উত্তর দেবই- সেটা না পছন্দ হলেই ব্যস।’

আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে স্বস্তিকা যোগ করেন, ‘ভাই, আপনাদের মত নিয়ে তো উত্তর দেব না। না, আপনাদের খুশি করার জন্য কাশীও চলে যাব না।’

পোস্টের শেষ অংশে অভিনেত্রী লেখেন, “আর বেশ করছি, ৩–৪টি প্রেম করা উচিত বলেছি। কারণ, হাতে সময় থাকলে সেটা নিয়ে প্রেম করাই উচিত। নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজে বের করুন। ফেসবুক কিন্তু ভালো থাকতে দেবে না। আর আমাদের পেছনে লেগে থাকলে আরও ক্ষতি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ