বাংলাদেশের জন্য টেকসই জ্বালানি সমাধান প্রয়োজনীয়: উপদেষ্টা রিজওয়ানা
জীবাশ্ম জ্বালানিনির্ভর জ্বালানি উৎপাদন থেকে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানিতে রূপান্তর হতে বাংলাদেশি অংশীদারদেরকে সহযোগিতা করার জন্য ব্যবসায়িক সম্প্রদায় ও আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ উপদেষ্টা উল্লেখ করেন, গত দুই বছরে জ্বালানি সরবরাহ সংকট শিল্পখাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যা দেশের অর্থনীতি ও শিল্পখাতের জন্য টেকসই জ্বালানি সমাধানের বিষয়কে প্রয়োজনীয় করে তুলেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম (SAF) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এই অনুষ্ঠানের আয়োজন করে নেদারল্যান্ডস দূতাবাস।
পরিবেশ উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘গ্রিন ফ্যাক্টরি থাকা বা সর্বাধিক পরিবেশবান্ধব কারখানার সনদ থাকার অর্থ এই নয় যে এই খাতটি টেকসইভাবে কাজ করছে।’
তিনি বলেন, ‘গার্মেন্টস শিল্প শুধু জ্বালানিনির্ভরই নয় বরং এটি ব্যাপকভাবে পানি ও রাসায়নিক ব্যবস্থাপনার ওপরও নির্ভরশীল। যা দায়িত্বশীল উৎপাদন প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ একটি পানিসম্পদ সমৃদ্ধ দেশ হলেও অনেক শিল্পাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস পাচ্ছে, যা স্থানীয় সম্প্রদায়কে প্রভাবিত করছে। সরকার এখন শিল্প খাতে পানির ব্যবহারের জন্য নির্দিষ্ট চার্জ আরোপের বিষয়টি বিবেচনা করছে এবং পানির ব্যবহার অনুযায়ী শিল্প খাতকে শ্রেণিবদ্ধ করে পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণ উদ্যোগের জন্য প্রণোদনা দেবে।
রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বাংলাদেশ সরকার জার্মান অংশীদারদের সহযোগিতায় একটি ‘রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা’ তৈরি করছে, যা শিগগিরই চূড়ান্ত করা হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, জাতীয়ভাবে অনুমোদিত রাসায়নিক ব্যবস্থাপনা নীতিমালা থাকা অত্যন্ত জরুরি, যা পরিবেশ ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কারস্টেন্স এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে