বিছনাকান্দি ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন এলাকা বিছনাকান্দি ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী শান্ত বণিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শাবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান। তিনি বলেন, তার বাড়িতে জানানো হয়েছে। তার বাড়ি অনেক দূর, আসতে অনেক সময় লাগবে। সুতরাং আসতে বারণ করেছি। আমরাই এখান থেকে সব আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পাঠানোর ব্যবস্থা করছি। এখন লাশ স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। ওখান থেকে মৃত্যু সনদ দেবে। এরপর থানায় নেওয়া হবে। সুরতহাল করতে মানা করেছি, আমি সে দায়িত্ব নিয়েছি। এরপর লাশ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আনুষ্ঠানিকতা শেষ করে ঠাকুরগাঁও পাঠানো হবে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ১০/১১ জনের একটি গ্রুপ বিছনাকান্দি এলাকায় ঘুরতে যান। সেখানে স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামেন তারা। এ সময় বৃষ্টির কারণে উজান থেকে হঠাৎ ঢল নামলে পানির স্রোত বেড়ে যায়। প্রবল স্রোতের তোড়ে একপর্যায়ে শান্ত বণিক পানিতে তলিয়ে নিখোঁজ হন। এসময় তার বন্ধুদের চিৎকার ও চেচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং তারা নৌকা নিয়ে তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
প্রসঙ্গত, শান্ত বণিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তেল ও খনিজ প্রকৌশল (পিএমই) বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। শুক্রবার বিকাল ৪টার দিকে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে