সিলেটে সুইমিংপুলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
সিলেট নগরীর চৌকিদিঘী এলাকায় একটি সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ছয়টার দিকে এয়ারপোর্ট রোডের ‘ব্রিটেনিয়া সুইমিংপুলে’ এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম দিপাঞ্জন ঘোষ প্রিয়ম (২১)। তিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার পরিবার ঢাকার মোহাম্মদপুরে বসবাস করলেও বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকার একটি মেসে থেকে তিনি পড়াশোনা করতেন।
সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে ওই সুইমিংপুলে যান প্রিয়ম। বিকেল ৫টার দিকে পানিতে নেমে একপর্যায়ে তিনি ৯ ফুট গভীর অংশে চলে যান। পৌনে ৬টার দিকে তাকে গভীর পানিতে অচেতন অবস্থায় ভেসে থাকতে দেখেন দায়িত্বরত কর্মচারীরা। দ্রুত উদ্ধার করে দরগাহ গেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ইসিজি পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রিটেনিয়া সুইমিংপুলের প্রশিক্ষক আমিরুল ইসলাম জানান, দক্ষভাবে সাঁতার না জানলে ছয় ফুটের বেশি গভীর পানিতে নামার অনুমতি নেই। প্রিয়ম অসাবধানতাবশত ৯ ফুট গভীর এলাকায় চলে গিয়েছিলেন। পানির নিচে দেখতে পেয়ে এক কর্মচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. মুখলেসুর রহমান জানান, শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে। সুইমিংপুল কর্তৃপক্ষের কোনো অবহেলা বা তদারকির ঘাটতি ছিল কি না তা খতিয়ে দেখা হবে; গাফিলতি পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সিলেট বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত দিন