শাবিতে ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপে’ জড়িত শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত কমিটি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপে’ জড়িত শিক্ষকদের চিহ্নিত করতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৯ আগস্ট) সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমকে।
কমিটির অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ জড়িত থাকার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে শাবিপ্রবির কোনো শিক্ষক এমন কর্মকাণ্ডে জড়িত কি না, তা তদন্ত করে প্রতিবেদন দিতে কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শিক্ষকদের চিহ্নিত করা, করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়া। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে শাবিপ্রবির কোনো শিক্ষক বিগত সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন বা শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন কি না, সেটিও অনুসন্ধান করবে কমিটি।
সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি ৪০৪ শিক্ষক টেলিগ্রামে রাষ্ট্র ও সরকারবিরোধী গোপন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শাবিপ্রবির একজন আওয়ামীপন্থি শিক্ষকের নামও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশের পর একই ধরনের অভিযোগ তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়েও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মতামত দিন