তাপসের অ্যাকাউন্টে ৫৩৯ কোটি টাকা ও ৫ লাখ ১৭ হাজার ডলার সন্দেহজনক লেনদেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ২৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৩৯ কোটি ১৬ লাখ টাকা এবং ৫ লাখ ১৭ হাজার ডলার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৫ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক পরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন জানান, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৯ আগস্ট পর্যন্ত এই লেনদেনগুলো তাপসের পরিচিত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও জানান, দুদক তাপসের বিরুদ্ধে পরিচিত আয়ের উৎসের বাইরে ৭৩ কোটি ১৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে।
আখতার বলেন, ‘মোট সন্দেহজনক লেনদেনের মধ্যে তাপসের অ্যাকাউন্টে ৩০৪ কোটি ৩৩ লাখ টাকা জমা হয় এবং ২৩৪ কোটি ৮২ লাখ টাকা উত্তোলন করা হয়। একইভাবে, ২ লাখ ৬৩ হাজার ৭৩৬ ডলার জমা হয় এবং ২ লাখ ৫৩ হাজার ৭৯১ ডলার উত্তোলন করা হয়।
গত বছরের ৭ অক্টোবর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাপস, তার স্ত্রী আফরিন তাপস এবং তাদের ছোট ছেলে ফজলে নাশওয়ানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয়।
আওয়ামী লীগ সরকার পতনের পরপরই বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতাদের এবং তৎকালীন ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর এ ঘটনাগুলো ঘটে।
সরকার পতনের দুই দিন আগে, ৩ আগস্ট তাপসকে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যেতে দেখা যায়। বিমানের ওই ফ্লাইটে তাপসের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে