ম্যানহাটনে সন্দেহজনক স্যুটকেস, প্রধানমন্ত্রীর হোটেল ঘিরে বাড়তি নিরাপত্তা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের কাছাকাছি একটি পরিত্যক্ত কালো স্যুটকেস উদ্ধারের পর ম্যানহাটনে নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের কাছে স্যুটকেসটি পড়ে থাকতে দেখা যায়। স্থানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের কাছাকাছি।
সন্দেহজনক স্যুটকেস উদ্ধারের পর নিউইয়র্ক পুলিশ বিভাগ ওই এলাকায় নিরাপত্তা বাড়ায়। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদেরও পাঠানো হয়। সন্দেহজনক কোনো বস্তু বা প্যাকেট পাওয়া গেলে সেটি পরীক্ষা ও নিরাপদ করার দায়িত্ব সাধারণত পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা পালন করেন।
নিউইয়র্ক সিটির জরুরি সতর্কবার্তায় জানানো হয়, মঙ্গলবার বিকেলে থার্ড অ্যাভিনিউ ও ইস্ট ৪৩তম স্ট্রিট এলাকায় পুলিশের তৎপরতার কারণে যান চলাচলে বিলম্ব, সড়ক বন্ধ এবং গণপরিবহনে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক জরুরি কর্মীর উপস্থিতির কথাও সতর্কবার্তায় জানানো হয়।
প্রধানমন্ত্রীর হোটেলটি ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল এলাকার কাছে অবস্থিত। সন্দেহজনক স্যুটকেস উদ্ধারের স্থানটির আশপাশে ক্রাইসলার বিল্ডিংসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে এমনিতেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচিকে ঘিরে ম্যানহাটনের বিভিন্ন এলাকায় সড়ক নিয়ন্ত্রণ, যান চলাচলে পরিবর্তন এবং নিরাপত্তা তৎপরতার বিষয়ে আগেই সতর্ক করেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
তবে উদ্ধার হওয়া কালো স্যুটকেসটিতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ঘটনাটিকে ঘিরে বোমা আতঙ্ক তৈরি হলেও স্যুটকেসটির ভেতরে আসলে কী ছিল, তা নিয়ে তদন্তের তথ্যই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে পাঁচ দিনের সফরে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি সফরসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।
মতামত দিন