মেহেরপুরে ৩ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বস্তু, বোমা সন্দেহে আতঙ্ক
মেহেরপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ তিন স্থানে উঁচু বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পরে পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুগুলো ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্স বা অ্যামপ্লিফায়ার।
শনিবার ভোরে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় একটি বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
এরপর শহরের কোর্ট মোড় এলাকা ও সোনালী ব্যাংকের সামনেও একই ধরনের আরও দুটি বস্তু বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ সেগুলোও উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, উদ্ধার করা বস্তুগুলো ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্স (অ্যামপ্লিফায়ার)।
তিনি বলেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এসব অ্যামপ্লিফায়ার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বেজে উঠেছিল।
তবে মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানিয়েছেন, এ তথ্য সঠিক নয়। তিনি বলেন, এগুলো অকার্যকর অবস্থায় পাওয়া গেছে। এমনকি কোনো মেমোরি কার্ড জাতীয় কিছু পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সন্দেহজনক বস্তুগুলো উদ্ধারের পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মতামত দিন