Views Bangladesh Logo

মিরপুরে ছিনতাইকারী আটক, জিম্মি কিশোর উদ্ধার

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। এ সময় ছিনতাইকারীদের কবল থেকে অর্ক নামে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে আরও তিন ছিনতাইকারী পালিয়ে গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর বাংলা স্কুল গ্যাপ এলাকায় মেট্রোরেল পিলার নম্বর-২২২-এর কাছে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের এক পুলিশ সদস্য। এ সময় রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়।

পরে পুলিশ সদস্য অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে অর্ক নামে এক কিশোর চিৎকার করে সাহায্য চান। বিষয়টি বুঝতে পেরে দ্রুত অটোরিকশাটির কাছে গিয়ে মোহাম্মদ রাব্বিকে আটক করেন ওই পুলিশ সদস্য। এ সময় রাব্বির সঙ্গে থাকা আরও তিনজন ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা কিশোরকে নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে। আটক রাব্বিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাশাপাশি পালিয়ে যাওয়া অপর তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ