Views Bangladesh Logo

খুলনায় ছাত্র হত্যা: সন্দেহভাজন রিফাত আটক

খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে এক সন্দেহভাজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)। সোমবার রাতে পিরোজপুরের স্বরূপকাঠি থানার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী। সম্প্রতি তিনি কৃষি ব্যাংকে চাকরি পেয়েছেন। আজমুলদের মেসে থেকেই তিনি ব্যাংকে যাতায়াত করতেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আজমুলকে মারধরের সময় রিফাত সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এ ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুলকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে হরিণটানা থানায় হত্যা মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ