১১ বলে ফিফটির বিশ্বরেকর্ড সুরিয়াভানশির, ২৯ বলে ৯৪
ত্রিদেশীয় ‘এ’ দলের ফাইনালে আবারও আলোচনার কেন্দ্রে বৈভাব সুরিয়াভানশি। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে ১১ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। তবে ঝড়ের মতো ইনিংস খেলেও সেঞ্চুরি হাতছাড়া করেছেন মাত্র ৬ রানের জন্য। তার ইনিংস থেমেছে ২৯ বলে ৯৪ রানে।
ডাম্বুলায় ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এই তরুণ ব্যাটার। ইনিংসের প্রথম ওভারেই দুটি বল খেলে দুটিতেই চার মেরে জানান দেন নিজেকে। এরপর তৃতীয় ওভারেই শ্রীলঙ্কা ‘এ’ দলের বোলার মোহাম্মেদ সিরাজকে একাই উড়িয়ে দেন। তিন ছক্কা ও দুই চারে সেই ওভারে আসে ২৬ রান।
মাত্র তিন ওভারেই ভারত ‘এ’ দল পঞ্চাশ পেরিয়ে যায়, যার বড় অংশই আসে সুরিয়াভানশির ব্যাট থেকে। এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। পরের ওভারে চার মারার পর টানা দুই ছক্কায় মাত্র ১১ বলে পূর্ণ করেন ঐতিহাসিক ফিফটি। লিস্ট ‘এ’ ক্রিকেটের ২১ বছর পুরোনো ১২ বলের রেকর্ড ভেঙে দেন তিনি।
ফিফটির পরও থামেননি, বরং আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। একের পর এক বাউন্ডারি-সিক্সে লঙ্কান বোলিং লাইনআপকে ছিন্নভিন্ন করেন তিনি। তবে নবম ওভারে সাহান আরাচ্চিগের বলে আউট হয়ে থেমে যান ৯৪ রানে।
তার বিদায়ের সময় ৮.৫ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ১৩২—যা ইনিংসের ভয়াবহ গতি ও আধিপত্যেরই প্রমাণ।
তবে এই ইনিংসের আরেকটি পরিচিত গল্প হলো—সেঞ্চুরির খুব কাছে গিয়েও বারবার থেমে যাওয়া। আইপিএলেও একাধিকবার তিনি ৯০-এর ঘরে গিয়ে আউট হয়েছেন, এবারও একই পুনরাবৃত্তি।
মতামত দিন