Views Bangladesh Logo

ভূমি প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে অফিসে অনুপস্থিত দুই কর্মকর্তাসহ তিনজনকে বদলি

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে বদলি করা হয়েছে। ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল-এর আকস্মিক পরিদর্শনের সময় অফিসে অনুপস্থিত থাকার ঘটনাকে কেন্দ্র করে এ ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি জানান, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং অফিস সহকারী জান্নাতী আক্তার-কে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকায় বুধবার রাতে দুই কর্মকর্তাসহ তিনজনকে বদলির আদেশ দেওয়া হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, নির্ধারিত সময় পার হলেও অফিস তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। পরে তিনি প্রায় আধা ঘণ্টা অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন।

ঘটনার বিষয়ে উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, সকাল ৯টায় অফিস খোলার কথা থাকলেও পৌনে ১০টার দিকে একজন কর্মকর্তা এবং সকাল ১০টার পরে আরেকজন অফিসে আসেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ