Views Bangladesh Logo

দুই দিনেই ১০০ কোটির ক্লাবে সুরিয়ার ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’

মুক্তির পর মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে দক্ষিণ ভারতীয় তারকা সুরিয়ার নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয় সিনেমায় শতক হাঁকালেন এই অভিনেতা। তিন মাসেরও কম সময়ের ব্যবধানে নতুন সিনেমা মুক্তি দিয়ে আবারও বক্স অফিসে সাফল্যের দেখা পেলেন তিনি।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভেঙ্কি আতলুরির পরিচালনায় নির্মিত সিনেমাটি। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দিন শেষেই সিনেমাটির বৈশ্বিক আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এটি সুরিয়ার ক্যারিয়ারে দ্রুততম সময়ে ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করা সিনেমা।

এর আগে সুরিয়ার ‘কারুপ্পু’ সিনেমাটিও বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৩৫০ কোটি রুপি আয় করে সিনেমাটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রের মর্যাদা পায়। ফলে পরপর দুই সিনেমায় বড় অঙ্কের ব্যবসা করে সুরিয়া বর্তমানে দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম আলোচিত তারকায় পরিণত হয়েছেন।

‘বিশ্বনাথ অ্যান্ড সনস’-এর গল্প গড়ে উঠেছে শিল্পপতি ও অলিম্পিক পদকজয়ী সঞ্জয় বিশ্বনাথকে কেন্দ্র করে। মায়ের ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হয় সঞ্জয়। কিন্তু পরবর্তী সময়ে সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘিরে নতুন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সময় সন্তানের সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ শুরু করে সঞ্জয়।

শুরুতে অর্থের বিনিময়ে হওয়া একটি সম্পর্ক ধীরে ধীরে ভিন্ন মাত্রা পায়। সন্তানের সূত্র ধরে সারোগেট মা ম্যাডির সঙ্গে সঞ্জয়ের ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। সিনেমার গল্পে দুজনের বয়সের ব্যবধানও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। সঞ্জয়ের চেয়ে ম্যাডি ২০ বছরের ছোট।

সারোগেসি, বয়সের ব্যবধান, সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রচলিত নানা ট্যাবু নিয়ে গল্প বলার কারণে সিনেমাটি দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনায় এসেছে। সুরিয়ার সঙ্গে এতে অভিনয় করেছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাভিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি ও নাসারসহ আরও অনেকে। প্রায় ১৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি শেষ পর্যন্ত কতটা ব্যবসা করতে পারে, এখন সেদিকেই নজর চলচ্চিত্র সংশ্লিষ্টদের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ