মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা
প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এ কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিবর্গের শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণের নিমিত্ত উভয় বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।
একই দিন বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং পরবর্তীতে পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপ্রধান।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে দেশি-বিদেশি আমন্ত্রিত প্রায় ১ হাজার ২০০ অতিথি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে