সন্ত্রাসীদের গ্রেপ্তারে সহযোগিতা করুন, মানবাধিকারের পক্ষেও থাকুন: মাহফুজ আলম
সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারে সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তবে একইসঙ্গে তিনি নাগরিকদের প্রতি সতর্কতা দিয়ে বলেছেন, কোনো এলাকাকে ‘ঘেটো’ বানানোর চেষ্টা করা যাবে না। নাগরিক হিসেবে সবার মানবাধিকারের পক্ষে থাকতে হবে।
শনিবার (১৯ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এসব কথা বলেন উপদেষ্টা।
মাহফুজ আলম লেখেন, গোপালগঞ্জের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু। তারা আওয়ামী লীগের শাসনামলে নিপীড়িত ও বঞ্চিত হয়েছে। আমাদের উচিত—বাংলাদেশজুড়ে লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে রাজনৈতিক ও মানবিক মৈত্রী গড়ে তোলা।
তিনি আরও বলেন, হাসিনার পরাজয় কেবল রাজনৈতিক ছিল না, তা ছিল নৈতিকও। এক নৈতিক পরাজয় থেকেই তার রাজনৈতিক পতন শুরু হয়েছিল। তাই আমরা যেন হাসিনার বিরুদ্ধে গিয়ে নিজেরা নৈতিক অবস্থান হারিয়ে না ফেলি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বাংলাদেশ গড়ে উঠেছে, সেখানে মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা ও সুবিচারের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম—তা এখন বাস্তবায়নের সময়।
গঠনমূলক কাজে মনোনিবেশের আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, অনেকে এখনো ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যাচ্ছে না। অথচ পুরোনো বন্দোবস্ত ইতোমধ্যে ভেঙে পড়েছে। এখন এটিকে ভাঙতে গেলে আরও বিকৃত হবে। আবার সময় আসবে, তখন ভাঙা যাবে—কিন্তু এখন আমাদের মনোযোগ গড়ার দিকে থাকা উচিত।
পোস্টের একাংশে তিনি স্বীকার করেন, গণ-অভ্যুত্থানের পর আমরা প্রস্তুত ছিলাম না। বিহ্বলতা ও অভিজ্ঞতার অভাব মিলে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ ঘটাতে পারিনি। তবে এখন আমাদের সুযোগ আছে—রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদের সংগঠিত করা এবং জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে সেই বিলোপের পথে দৃঢ় পদক্ষেপ নেয়ার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে