ইব্রাহিমের এক গোলেই স্বস্তির জয় বাংলাদেশের
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জয়ের জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। শেষ পর্যন্ত বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিমের গোলে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৬৯ মিনিটে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন ইব্রাহিম। ডান দিক থেকে আসা ক্রসে ভুটানের বক্সে তৈরি হয় জটলা। কয়েক দফা বলের দিক পরিবর্তনের পর সুযোগ বুঝে পা ছুঁইয়ে সেটি জালে পাঠান বাংলাদেশের এই ফরোয়ার্ড।
গোলের জন্য পুরো ম্যাচজুড়েই দুই প্রান্ত থেকে ক্রসনির্ভর আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই কৌশলেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সাল আহমেদ ফাহিমের বদলে ফাহামেদুল ইসলামকে মাঠে নামান কোচ। এরপর ৬১ মিনিটে জামাল ভূঁইয়া ও বিশ্বনাথ ঘোষকে তুলে সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিমকে নামানো হয়। কোচের এই পরিবর্তনই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা রাখে।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে ভুটানের রক্ষণাত্মক কৌশলের সামনে বারবার আটকে যায় স্বাগতিকদের আক্রমণ। দুই প্রান্ত দিয়ে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে সুযোগ তৈরির চেষ্টা করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেওয়া বলে কাছের পোস্টে ফ্লিক করেন শমিত সোম। তবে গোলমুখে থাকা বাংলাদেশের আর কেউ বলটি জালে পাঠাতে পারেননি।
অন্যদিকে প্রথমার্ধে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি ভুটান। দলটির অধিনায়ক ছেনচো গিয়েলশেন একবার বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে কর্নার আদায় করেন। তবে সেই কর্নার থেকেও কোনো বিপদ তৈরি হয়নি। ম্যাচের ২০ মিনিটের দিকে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন ভুটানের ওরগেন ওয়াংচুক। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর বদলি হিসেবে মাঠে নামেন কিংজান তেনজিন।
প্রথমার্ধের পরিসংখ্যানেও বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। বল দখলে স্বাগতিকদের হার ছিল ৬৪ শতাংশ, ভুটানের ৩৬ শতাংশ। বাংলাদেশ ১২টি শট নিলেও ভুটান নেয় চারটি। তবে লক্ষ্যে শটের হিসাবে দুই দলই সমান ছিল—দুটি করে।
ইব্রাহিমের গোলের পর সমতা ফেরানোর চেষ্টা করে ভুটান। শেষ দিকে কয়েকটি পরিবর্তন আনলেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ম্যাচের শেষ দিকে দুই দলেই ক্লান্তির ছাপ দেখা যায়। দীর্ঘ বিরতি, চোট ও বদলির কারণে খেলার ছন্দও কিছুটা কমে আসে। যোগ করা পাঁচ মিনিটেও সমতাসূচক গোল পায়নি ভুটান। শেষ পর্যন্ত ইব্রাহিমের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
মতামত দিন