রমজানের প্রথম দিনে ঢাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া
পবিত্র রমজানের প্রথম দিনে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া থাকবে প্রধানত রৌদ্রোজ্জ্বল। আকাশ বেশির ভাগ সময় পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। এ সময় উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এর আগের দিন বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।
এদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা ঘন হলে বিমান, নৌ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে