Views Bangladesh Logo

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, আটকা শতাধিক যানবাহন

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলির দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে তাদের এ কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তবে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে তাদের এবং প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থের অপব্যবহার করেছেন অধ্যক্ষ। রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ অর্থেরও যথাযথ হিসাব দিতে পারেননি তিনি। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলিসহ আট দফা দাবিতে গত ১৮ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী আমিন উদ্দিন বলেন, তারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষের বদলি চান। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আপাতত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। তবে রোববারের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অসহযোগ আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

শিক্ষার্থী তাওহিদুল হাসান তামিম বলেন, জানুয়ারিতে তাদের পরীক্ষা। কিন্তু নিয়মিত ক্লাস না হওয়ায় পড়াশোনা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ভালো ফল করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আন্দোলনে অংশ নেওয়া তাওহিদুল হাসান তামিম, রেজাউল হক লিটন, তৌফিকুল নাসিম, হাফিজুর, শান্ত ও সাকিব খানসহ অন্য শিক্ষার্থীরা অধ্যক্ষের বদলির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুত তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আপাতত কর্মসূচি প্রত্যাহার করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ