Views Bangladesh Logo

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ‘শাটডাউন’ প্রত্যাহার

প্রশাসনের আশ্বাসে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চলমান আন্দোলন ও শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। তারা জানান, খুব শিগগিরই তারা ক্লাসে ফিরবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌনতা নাথ মিশি, চতুর্থ বর্ষের মো. হারুন অর রশিদ, পিয়াস চন্দ্র দাস এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কায়েস আব্দুল্লাহ জামান।

এ ঘোষণার মাধ্যমে শেষ হলো শিক্ষার্থীদের টানা ৮ দিনের আন্দোলন, যেখানে তাদের মূল দাবিগুলো ছিল—সপ্তাহে ছয়দিন ওয়ার্ডে প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা, ওয়ার্ড ব্যবস্থাপনার জন্য অবকাঠামো ও প্রশাসনিক পদক্ষেপ নেয়া, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ দেয়া, সার্জারি, মেডিসিনসহ সকল ক্লিনিক্যাল বিষয়ের জন্য ওয়ার্ড চালুর উদ্যোগ নেয়া, দ্রুত পরিবহন সমস্যার সমাধান করা, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু করা এবং হাসপাতালের কার্যক্রম শুরুর জন্য সময়সীমা ও রোডম্যাপ স্বচ্ছভাবে উপস্থাপন করা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘২২ এপ্রিল কলেজ এবং ঢাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা দুটি দাবি—ওয়ার্ড ও হাসপাতাল—সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক সমাধান পেয়েছি। এছাড়া, যেসব সমস্যার সমাধানে সময় লাগবে, সেগুলোর জন্য কলেজ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের একটি রোডম্যাপ দিয়েছে। তাই আমরা সর্বসম্মতিক্রমে আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। তবে, ওয়ার্ড নিয়মিত মনিটর না করা হলে কিংবা হাসপাতালের রোডম্যাপ অনুসরণ না হলে, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।”

এ সময় শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিতে পাশে থাকার জন্য সাধারণ মানুষ, চিকিৎসা সমাজ এবং গণমাধ্যমকে ধন্যবাদ জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ