Views Bangladesh Logo

আংশিক এলএনজি সরবরাহ শুরু করেছে সামিট

সামিট এলএনজি টার্মিনাল থেকে আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় সরবরাহ শুরু করে।

সামিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়ানো হবে। ১৫ আগস্ট রাত ২টার দিকে প্রায় পূর্ণ সক্ষমতায়, অর্থাৎ ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে পৌঁছানোর আশা করছে প্রতিষ্ঠানটি।

সামিটের পক্ষ থেকে বলা হয়েছে, এই গ্যাস সরবরাহের ফলে শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়বে। পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কমাতেও এটি সহায়তা করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রেখে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

সামিট মনে করে, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাংলাদেশের শিল্পের প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ