Views Bangladesh Logo

বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হয়ে বিসিবিতে ফিরলেন সুজন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ক্রিকেটে তৃণমূল থেকে নতুন প্রজন্মের ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিরলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আগামী দুই বছরের জন্য তাকে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ দল প্রথমবারের মতো ঐতিহাসিক শিরোপা জয় করে। সে সময় বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান হিসেবে এই ট্রফি জয়ের পেছনে সুজনের অসামান্য অবদান ছিল। বয়সভিত্তিক ক্রিকেটে তার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্য বিবেচনাতেই বিসিবির শীর্ষ নেতৃত্ব তাকে আবারও বোর্ডে ফিরিয়ে এনেছে।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছি। বোর্ড ছাড়ার পরও মূলত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কোচ হিসেবে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘এই নতুন দায়িত্ব আমার জন্য একেবারে উপযুক্ত। আশা করি আগামী দুই বছরে ভালো কিছু করতে পারবো।’

৫৪ বছর বয়সী সাবেক এই টাইগার অলরাউন্ডার এর আগেও বিসিবির একাধিক গুরুদায়িত্ব পালন করেছেন। বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের পাশাপাশি একাধিক আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ