Views Bangladesh Logo

মুক্তিযুদ্ধ জাদুঘরে সুফিয়া কামাল ও জাহানারা ইমামকে স্মরণ

বাংলাদেশের মুক্তিসংগ্রাম, নারী জাগরণ ও মানবিক মূল্যবোধের ইতিহাসে অসামান্য অবদান রাখা কবি বেগম সুফিয়া কামাল ও শহীদজননী জাহানারা ইমামকে স্মরণ করে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দুই মহীয়সীর জীবন, সংগ্রাম, আদর্শ ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।

কাব্য, সংগীত, নৃত্য ও জীবনালেখ্যের সমন্বয়ে পরিবেশিত হয় বিশেষ স্মরণালেখ্য ‘তাদের সংগ্রামের বীরগাথা’। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ এবং গণসংগীত ‘জনতার সংগ্রাম চলবেই’। এছাড়া তাদের রচনা থেকে পাঠ, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মুক্তিযুদ্ধ, নারীর জাগরণ এবং মানবিক সমাজ প্রতিষ্ঠায় তাদের অবদান তুলে ধরা হয়।

স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের বলেন, বেগম সুফিয়া কামাল ও জাহানারা ইমাম বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, অসাম্প্রদায়িক চেতনা বিকাশ এবং মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে তাদের অবদান অনন্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তাঁদের জীবন ও আদর্শ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে সুফিয়া কামালের রচনা থেকে পাঠ করেন সানজিদা সোহেলী এবং জাহানারা ইমামের রচনা থেকে পাঠ করেন সুপ্রভা সেবন্তী। আবৃত্তি করেন তাপস হাওলাদার ও ইমরুন নাহার ইমু। সংগীত পরিবেশন করেন মহুয়া মঞ্জরী সুনন্দা, পূরবী দে সেমন্তী, অর্ণব বড়ুয়া ও মইনুর রহমান খান। নৃত্য পরিবেশন করেন সুদেষ্ণা স্বয়ংপ্রভা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ