রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পার্শ্ববর্তী দেশে বড় ডিজিটাল স্কিম বাস্তবায়ন করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদেরও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম হতে হবে। তিনি জানান, আগামী পাঁচ বছরে সরকারের লক্ষ্য প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নেওয়া।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা ও ইশতেহারে উল্লেখিত পরিকল্পনা অনুযায়ী, সিলেটবাসীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে। বিশেষভাবে লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতে উন্নয়ন এবং একটি এআই সেন্টার স্থাপন।
আইটি পার্কে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, লাল ফিতার সমস্যার সমাধান এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও জানান, প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রণয়ন করা হচ্ছে এবং তার বাস্তবায়ন খুব শিগগিরই দৃশ্যমান হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, পুলিশ রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে