Views Bangladesh Logo

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে ছোটাছুটি পর্যটকদের

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে শুক্রবার বিকেলে হঠাৎ একটি দুর্বল টর্নেডোর আঘাতে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী হওয়া এই ঘূর্ণি বাতাসে প্রাণহানির ঘটনা না ঘটলেও সৈকতে থাকা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে এসে সুগন্ধা পয়েন্টে আঘাত হানে। আকস্মিক এ ঘটনায় সৈকতে অবস্থানরত পর্যটকেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোর তীব্রতায় সৈকতে রাখা চেয়ার, ছাতা ও অন্যান্য হালকা সামগ্রী উড়ে যেতে থাকে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পর্যটকেরা ধীরে ধীরে আবার সৈকতে ফিরতে শুরু করেন।

স্থানীয় ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, টর্নেডোর আঘাতে পর্যটকদের ব্যবহারের জন্য রাখা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে। এতে সৈকতসংলগ্ন ব্যবসায়ীদেরও আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত চেয়ার ও ছাতাগুলো সরিয়ে সৈকতের পরিবেশ স্বাভাবিক করার কাজ শুরু করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, সৈকতে দেখা দেওয়া ঘূর্ণি বাতাসটি একটি দুর্বল প্রকৃতির টর্নেডো। তিনি জানান, টর্নেডো সাধারণত অত্যন্ত ধ্বংসাত্মক হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ