Views Bangladesh Logo

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের হঠাৎ অসুস্থতা: তদন্ত কমিটির দুই সুপারিশ

আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা তদন্ত শেষে ৬ সদস্যের মেডিকেল টিম দুটি সুপারিশ দিয়েছে। এগুলো হলো—শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা এবং ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ধারণে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নতুন একটি মেডিকেল টিম গঠন করে আরও বিস্তারিত তদন্ত করা।

বৃহস্পতিবার (২ জুলাই) সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ সদস্যের তদন্ত কমিটি বুধবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

চলতি সপ্তাহে আশুলিয়ার আমতলা, জিরাবো ও পুকুরপাড় এলাকার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর গত মঙ্গলবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সাইদুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সদস্যরা ৩০ জুন ছয়টি কারখানা পরিদর্শন করেন। এ সময় তারা শ্রমিক, কারখানার কর্মকর্তা, অসুস্থ শ্রমিক, কারখানার মেডিকেল টিম এবং চিকিৎসাসেবা দেওয়া বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অসুস্থ শ্রমিকদের মধ্যে মাথা ঘোরা, বমি ভাব ও দুর্বলতার মতো উপসর্গ দেখা যায়। কেউ বাড়ি থেকে খাবার খেয়ে কাজে এসেছিলেন, আবার কেউ না খেয়েই কাজে যোগ দিয়েছিলেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কোনো খাবার সরবরাহ করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রথমে শ্রমিকদের কারখানার নিজস্ব মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরে যারা সুস্থ বোধ করেন, তাদের ছুটি দিয়ে বাসায় বিশ্রামের জন্য পাঠানো হয়। আর যাদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, তাদের পাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালগুলোর চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা নেওয়ার পর অধিকাংশ শ্রমিক সুস্থ হয়ে স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন।

ডা. ফজলে বারী বলেন, তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তদন্তে কারখানাগুলোতে বড় ধরনের কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে তদন্ত কমিটির দেওয়া দুটি সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ