প্রেসিডেন্সিয়াল প্রাসাদ নিয়ন্ত্রণের দাবি সুদান সেনাবাহিনীর
সুদানের সেনাবাহিনী জানিয়েছে, প্রায় দুই বছর ধরে চলা সংঘর্ষের পর তারা রাজধানী খার্তুমের রিপাবলিকান প্রাসাদ পুনরুদ্ধার করেছে।
২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্য লড়াইয়ে রূপ নেয়। সেই থেকে খার্তুমসহ বিভিন্ন শহরে সংঘর্ষ চলছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পবিত্র রমজান মাসের ২১তম দিনে সেনারা প্রাসাদের ভেতরে প্রবেশ করেছে।
একজন সুদানি সামরিক কর্মকর্তা, যার পোশাকে ক্যাপ্টেনের ব্যাজ ছিল, তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন যে, সেনারা রিপাবলিকান প্রাসাদের ভেতরে অবস্থান করছে।
প্রকাশিত ফুটেজে দেখা গেছে, প্রাসাদ আংশিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেনাদের বুটের নিচে ভাঙা টাইলস চূর্ণ হতে দেখা গেছে।
আসাল্ট রাইফেল ও রকেট চালিত গ্রেনেড লঞ্চার বহন করা সৈন্যরা ‘আল্লাহ মহান’ বলে স্লোগান দিচ্ছিল।
সুদানের তথ্যমন্ত্রী এক্স-এ পোস্ট করে জানান, সেনাবাহিনী প্রাসাদ পুনরুদ্ধার করেছে।
তিনি লিখেছেন, আজ পতাকা উড়ছে, প্রাসাদ ফিরে এসেছে এবং বিজয় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
যুদ্ধ শুরুর আগে রিপাবলিকান প্রাসাদ ছিল সুদানের সরকারি আসন। এটি দেশটির ব্যাংকনোট ও ডাকটিকিটেও অমর হয়ে আছে।
সেনাবাহিনীর এই পুনরুদ্ধার সাম্প্রতিক মাসগুলোতে তাদের ধারাবাহিক অগ্রগতির অংশ। যুদ্ধ শুরু হওয়ার পর আরএসএফ বাহিনী ধীরে ধীরে খার্তুম থেকে বিতাড়িত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে