Views Bangladesh Logo

‘বরবাদ’-এর সফল জুটি আবার একসঙ্গে

দেশীয় চলচ্চিত্রের আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বরবাদ’-এর পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢালিউড সুপারস্টার শাকিব খান। রিয়েল অ্যানার্জি প্রযোজিত নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।

প্রযোজনা প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নতুন সিনেমাটির নাম ও গল্প এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

‘বরবাদ’ মুক্তির পর থেকেই দর্শকদের প্রত্যাশা ছিল, মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় আবারও নতুন কোনো গল্পে দেখা যাবে শাকিব খানকে। দীর্ঘদিনের নানা গুঞ্জনের পর অবশেষে সেই জল্পনার অবসান হলো।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, এটি একটি বড় বাজেটের অ্যাকশন-থ্রিলার সিনেমা। তিনি বলেন, আজ আনুষ্ঠানিকভাবে শাকিব খানকে চূড়ান্ত করা হয়েছে। আমরা আবারও তাকে সম্পূর্ণ নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই।

সংশ্লিষ্টদের দাবি, ‘বরবাদ’-এর মতো এবারও নির্মাণ, অ্যাকশন ও উপস্থাপনায় থাকবে নতুনত্ব। আন্তর্জাতিক মানের বাণিজ্যিক সিনেমা নির্মাণের লক্ষ্য নিয়েই প্রকল্পটির কাজ শুরু হচ্ছে।

‘বরবাদ’-এর পর পরিচালক হৃদয় নির্মাণ করেন ‘রাক্ষস’, যেখানে অভিনয় করেন সিয়াম আহমেদ। অন্যদিকে শাকিব খান অভিনয় করেন ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ সিনেমায়। তবে এই তিনটি সিনেমাই প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য পায়নি।

জানা গেছে, নতুন সিনেমাটি আগামী ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাণ করা হচ্ছে। যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবুও ‘বরবাদ’-এর সাফল্যের পর নতুন এই প্রজেক্ট ঘিরে দর্শক ও শাকিব ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ