শাকিব খানের ‘তাণ্ডব’ সেটে স্টান্টম্যানের মৃত্যু
শাকিব খানের আগামী সিনেমা ‘তাণ্ডব’ এর শুটিং চলাকালে স্টান্টম্যান মনির হোসেন অসুস্থ হয়ে মারা গেছেন। সিনেমাটির শুটিং বর্তমানে রাজশাহীতে চলছে।
পরিচালক রায়হান রাফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, মনিরকে শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
রাফি জানান, মনির দুপুরে একটি স্টান্ট করেছিলেন এবং পরবর্তীতে ক্রু সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলেন; কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীর হাই-টেক পার্ক এলাকায় নির্মিত একটি সেটে শুটিংটি চলছিল। ক্রু সদস্যদের মতে, মনিরের অসুস্থ হওয়ার কোনো পূর্বলক্ষণ ছিল না।
রাফি বলেন, ‘মনে হয়, তিনি সকালে স্ট্রোক করেছিলেন, তবে সেটা কাউকে জানাননি। তার শরীরের কোনো দৃশ্যমান লক্ষণ ছিল না।’
নারায়ণগঞ্জের বাসিন্দা মনির হোসেন চলচ্চিত্র শিল্পে বহু বছর ধরে স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন।
তাণ্ডব সিনেমাটি ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাবে এবং এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে