ছাদ চুইয়ে পড়ে বৃষ্টির পানি, পটুয়াখালীতে ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ায় ছাতা মাথায় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (১২ জুলাই) পরীক্ষা চলাকালে দুইটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ছাদের বিভিন্ন অংশ দিয়ে বৃষ্টির পানি পড়ছে। এ অবস্থায় কয়েকজন শিক্ষার্থী এক হাতে ছাতা ধরে অন্য হাতে পরীক্ষার উত্তর লিখছে।
মাদ্রাসার শিক্ষক মো. কাওসার আহমেদ জানান, প্রতিষ্ঠানটিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে। ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে ডিগ্রি পর্যন্ত পাঠদান পরিচালনায় অন্তত ২০টি শ্রেণিকক্ষ প্রয়োজন হলেও বর্তমানে রয়েছে মাত্র ছয়টি।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নজির আহমেদ বলেন, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে ছাদের বিভিন্ন অংশ দিয়ে পানি চুইয়ে পড়ায় পাঠদান ও পরীক্ষা গ্রহণ ব্যাহত হচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন।
তিনি আরও জানান, নতুন একটি ভবনের নির্মাণকাজ চললেও ধীরগতির কারণে এখনো শেষ হয়নি। ভবনটি হস্তান্তর হতে আরও প্রায় এক বছর সময় লাগতে পারে। তাই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনেই শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা পরিচালনা করা হচ্ছে।
মতামত দিন