বার্ষিক পরীক্ষার সময়ই নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
নতুন বছরের পাঠ্যবই এ বছরের ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যাবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ৩০ নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে।’
পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে, তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব।’
পাঠ্যবই ছাপার দরপত্র প্রক্রিয়া চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ওয়ার্ক অর্ডার অগাস্টের প্রথম সপ্তাহের ভেতরে সব দিয়ে দেব। এরপর তারা (প্রকাশকরা) ছাপার কাজ শুরু করবে।’
তিনি বলেন, ‘আর এ বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে, তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিবি রয়েছে…। আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনে সুন্দরভাবে বই দেওয়ার জন্য।’
আগামী বছরের শিক্ষাক্রমে কিছুটা পরিমার্জনও আসছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মতামত দিন