Views Bangladesh Logo

সরকারের সারা না মিললে সড়ক অবরোধের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে স্কুলের সামনের প্রতিবাদ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শোক প্রকাশের পাশাপাশি তারা ছয় দফা দাবি পেশ করেছেন। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি দুপুর সাড়ে ১২টার মধ্যে সরকারের পক্ষ থেকে কেউ তাদের দাবির বিষয়ে আলোচনায় না আসেন, তবে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের সড়কে অবরোধ গড়বেন।

এক শিক্ষার্থী বলেন, ‘আমরা জানি সরকার আমাদের কথা শুনবে না। তাই আমরা সাড়ে ১২টা পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে সাড়া না পেলে আমরা রাস্তা বন্ধ করব। চাপ না দিলে সরকার সাড়া দেবে না।’

এর আগে শিক্ষার্থীরা ‘আমরা বিচার চাই না, আমরা সন্তানদের দেহ চাই’, ‘মৃতদের সঠিক সংখ্যা চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেয়। পুলিশ বারবার সরে যেতে বললেও তারা শান্তিপূর্ণভাবে বসে থাকেন।

তারা বলেন, ‘এত বড় দুর্ঘটনার পরও কেউ দায় নিচ্ছে না, দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা— এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে যায় এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রাণহানি ঘটে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। আহত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ