Views Bangladesh Logo

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সায়েন্সল্যাব মোড়ে দীর্ঘ সময় অবরোধের পর আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবন অভিমুখে রওনা হন। পরে তারা মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের পাশে অবস্থান নেন এবং বিক্ষোভ চালিয়ে যান।

শিক্ষার্থীরা এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন। তাদের ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

মঙ্গলবার সকালে প্রথমে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। সেখানে একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও গেটে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এরপর শিক্ষার্থীরা আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কের দুই পাশেই তীব্র যানজট সৃষ্টি হয়।

বিকেলে সায়েন্সল্যাব থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দিকে যাত্রা করেন এবং পরে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান নেন। সেখানে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন বলে জানা গেছে।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো—শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, ১৩ জুলাইয়ের পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নেওয়া ও অংশ নিতে না পারা সব পরীক্ষার্থীর জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ ও শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র নিশ্চিত করা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলমান পরিস্থিতি, পরীক্ষার সময়সূচি এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ