কুমিল্লায় হাঁটুপানিতে বসে অনার্স ফাইনাল পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
টানা দুই দিনের বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় ডুবে গেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর ডিগ্রি শাখা। ফলে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের হাঁটুপানিতে বসে ফাইনাল পরীক্ষায় অংশ নিতে হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে কলেজের কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় শিক্ষা ভবন ও মিলেনিয়াম ভবনে পানি ঢুকে পড়ে। বৃষ্টি থেমে যাওয়ার ২৪ ঘণ্টা পার হলেও কলা ও ব্যবসায় শিক্ষা ভবনের নিচতলা থেকে পানি নামেনি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এসব ভবনের নিচতলায় পরীক্ষার আসন পড়া শিক্ষার্থীরা পা তুলে বেঞ্চে বসে অনার্স ফাইনালের প্রথম পরীক্ষা দেন।
কলেজের শিক্ষার্থীরা জানান, এ জলাবদ্ধতা সমস্যা এক যুগেরও বেশি সময় ধরে চলছে। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও বাস্তবে ভোগান্তি কমেনি। বরং প্রতি বছর ভবনগুলোর ক্ষতি বাড়ছে।
বরুড়া উপজেলা থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, কলা ভবনের নিচতলায় যেতে টুলের সেতু পার হতে হয়। বাইরে শুকনো থাকলেও পরীক্ষার হলে পানিতে পা চুবিয়ে পরীক্ষা দিতে হয়েছে।
আরেক পরীক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, স্বনামধন্য একটি কলেজের এ অবস্থা মেনে নেওয়া যায় না। ভেবেছিলাম আজ পানি থাকবে না, কিন্তু এসে দেখি রুমের ভেতর পানি। এভাবে কতক্ষণ বসে পরীক্ষা দেওয়া যায়?
দুপুরে সরেজমিনে দেখা যায়, পুরো ক্যাম্পাসে হাঁটুসমান পানি জমে রয়েছে। ব্যবসায় শিক্ষা ভবনের নিচতলা সম্পূর্ণ ডুবে গেছে। কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলাতেও পানি জমে ছিল। সেখানে কয়েকজনকে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতে দেখা যায়।
কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বলেন, এখান থেকে মেধাবীরা তৈরি হচ্ছে, তাদের কি স্বাস্থ্যঝুঁকি নেই? ৩০ হাজার শিক্ষার্থীর কলেজ বছরের পর বছর ধুঁকছে, অথচ কারও টনক নড়ে না।
কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া বলেন, বাইরের পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। একটু বেশি বৃষ্টি হলেই কয়েকটি ভবনের নিচতলা তলিয়ে যায়।
তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ প্রকল্প ও সীমানা প্রাচীর ঘেঁষা সড়ক নির্মাণের দুটি কাজের টেন্ডার হয়েছে, তবে কাজ কেন শুরু হয়নি তা তিনি জানেন না।
পরীক্ষার্থীদের দুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আসন পুনর্বিন্যাস করে দিয়েছি। আশা করি আগামী পরীক্ষার আগে জলাবদ্ধতা থাকবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে