চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে নিয়ে গেল শিক্ষার্থীরা
সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ, বন্যার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং ক্ষতিগ্রস্ত প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দ্রুত পুনরায় সরবরাহের দাবিতে দিনভর বিক্ষোভ শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের একটি অংশ খুলে নিয়ে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে নগরের সিডিএ অ্যাভিনিউয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা ষোলশহর ২ নম্বর গেট মোড়ে অবস্থান নিলে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা অবস্থান অব্যাহত রাখেন।
বিকেলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ড কর্তৃপক্ষের কাছে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয়। এরপর বিক্ষুব্ধ একটি অংশ শিক্ষা বোর্ডে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কির একপর্যায়ে প্রধান ফটকের একটি অংশ খুলে নিয়ে মিছিল করতে করতে চলে যায়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, সকালে শিক্ষার্থীরা ২ নম্বর গেটে অবস্থান নেন। পরে বিকেলে স্মারকলিপি জমা দেওয়ার পর একদল শিক্ষার্থী ধাক্কাধাক্কি করে প্রধান গেটের একটি অংশ খুলে নিয়ে আবার ২ নম্বর গেটের দিকে চলে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় একই স্থানে আবারও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন জানান, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রয়েছে। এ পর্যন্ত বোর্ডের চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মতামত দিন