শিক্ষামন্ত্রীর পদত্যাগ বহাল রেখে নতুন দাবি শিক্ষার্থীদের
বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবি বহাল রেখে নতুন করে আরও দুটি দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব মোড়ে 'এইচএসসি ২৬ ব্যাচ'-এর সাধারণ পরীক্ষার্থীদের এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। দাবিগুলো তুলে ধরেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রায়াত আহমেদ।
নতুন দুটি দাবির একটি হলো, সিকিউ ও এমসিকিউ অংশে আলাদাভাবে পাসের বিদ্যমান নিয়ম পরিবর্তন করে দুই অংশ মিলিয়ে একত্রে পাসের ব্যবস্থা চালু করতে হবে। অন্যটি হলো, অনিবার্য কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিকল্প বা বিশেষ ব্যবস্থা রাখতে হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর সমালোচনা করে রায়াত আহমেদ বলেন, মন্ত্রীর একরোখা সিদ্ধান্তের কারণে একটি পুরো ব্যাচের ভবিষ্যৎ সংকটাপন্ন হয়ে পড়েছে। তাঁর ভাষ্য, শিক্ষা ব্যবস্থায় যেকোনো পরিবর্তন ধাপে ধাপে হওয়া উচিত, কোনো নির্দিষ্ট ব্যাচকে ঘিরে অপরিকল্পিত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলা উচিত নয়।
এই শিক্ষার্থী আরও দাবি করেন, বর্তমান প্রশ্নপদ্ধতির কারণে সৃষ্ট মানসিক চাপে একজন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে তারা জেনেছেন, এবং এর দায় শিক্ষামন্ত্রীকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই জানিয়ে রায়াত আহমেদ বলেন, তাঁরা কোনো সরকারের বিপক্ষে নন, শুধু নিজেদের শিক্ষার অধিকার ও চলমান ভোগান্তি থেকে মুক্তি চান। পাশাপাশি 'বয়লার চিকেন পার্টি' নামের একটি ফেসবুক পেজের সঙ্গেও তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেন তিনি।
বৃষ্টিজনিত সমস্যা ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি এড়াতে শিক্ষার্থীরা আজকের মতো রাজপথের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন বলে জানান রায়াত আহমেদ। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি। পরবর্তী কর্মসূচি ও হালনাগাদ তথ্য 'স্টুডেন্ট অফ বাংলাদেশ', 'কলেজ নেটওয়ার্ক' এবং বিভিন্ন কলেজের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ধানমন্ডি আইডিয়াল কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মতামত দিন