Views Bangladesh Logo

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিল

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢোল বাজিয়ে মিছিল করেছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে তারা।

রোববার (৯ আগস্ট) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ প্রতিবাদ মিছিল বের করে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করে আসছেন। বিভিন্ন সময় তিনি ছাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে হাত দিতেন বলেও অভিযোগ রয়েছে। একপর্যায়ে দশম শ্রেণির এক ছাত্রীকে তিনি কুপ্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তার পদত্যাগের দাবিতে প্রতিবাদ মিছিল করে।

পরে বিদ্যালয়ে এ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় ভুক্তভোগী ছাত্রী, শিক্ষার্থী ও অভিভাবকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর বলেন, বিষয়টি নিয়ে সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন।

সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না। তবে অভিযোগের যথাযথ প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ও আশপাশের এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ