'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ প্রকাশের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ দ্রুত প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের এই বিক্ষোভ করতে দেখা যায়।
বুধবার সকাল থেকে প্রায় ২০০ শিক্ষার্থী ঢাকা কলেজ প্রাঙ্গণে জড়ো হন। সকাল ১১টায় ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নীলক্ষেত ও ইডেন মহিলা কলেজ প্রদক্ষিণ করে আবার ঢাকা কলেজে ফিরে আসেন তারা। এর পর কর্মসূচির শেষ ধাপে ঢাকা কলেজের মূল ফটকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি তুলে ধরেন তারা।
সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামে কার্যক্রম শুরু করলেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে যে ‘অফিলিয়েটেড’ (সংযুক্ত) ব্যবস্থায় এই সাত কলেজ পরিচালিত হয়ে আসছে, তা অসম্মানজনক ও বৈষম্যমূলক। 'অফিলিয়েটেড' শব্দটি তাদের পরিচয় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তারা। নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা আসার পরও অধ্যাদেশ জারিতে বিলম্বকে তারা ‘অগ্রহণযোগ্য’ হিসেবে দেখছেন বলেও মন্তব্য করেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, 'একটা নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা যখন এসেছে, তখন অধ্যাদেশ নিয়ে টালবাহানা বরদাস্ত করা হবে না। দ্রুত অধ্যাদেশ চাই, যাতে আমাদের পরিচয় স্পষ্ট হয়।'
সাত কলেজের ইউনিভার্সিটি ট্রানজিশন টিমের ফোকাল পারসন এবং আন্দোলনের অন্যতম সংগঠক আবদুর রহমান বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র পরিচয়ের দাবি জানিয়ে আসছি। শিক্ষা সিন্ডিকেটের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এখনই আমাদের আন্দোলনের ফসল ঘরে তোলার সময়।'
তিনি আরও বলেন, 'অধ্যাদেশ জারি বিলম্বিত হলে শিক্ষার্থীরা অনিশ্চয়তার মুখে পড়বে। তাই দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।'
শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশ পাসের প্রক্রিয়া দীর্ঘ এবং অনেক ধাপবিশিষ্ট যার মধ্যে রয়েছে ইউজিসি থেকে খসড়া প্রণয়ন, আইন মন্ত্রণালয়ে পাঠানো, সংশোধন, শিক্ষা মন্ত্রণালয় হয়ে উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং সর্বশেষ রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট প্রকাশ। তারা শঙ্কা প্রকাশ করেন, আইন ও শিক্ষা মন্ত্রণালয়ে দীর্ঘসূত্রতা হলে এই প্রক্রিয়া আটকে যেতে পারে।
যদিও এখনো কোনো আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা প্রকাশ্যে আসেনি, তবে শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, প্রশাসনিক ধীরগতির কারণে অধ্যাদেশ জারি আরও পিছিয়ে যেতে পারে এ কারণেই তারা সময়মতো বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ সরকার 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' গঠনের ঘোষণা দেয়, যার আওতায় সাতটি সরকারি কলেজ আসবে: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে