Views Bangladesh Logo

তিন ঘণ্টা পর টঙ্গীতে মহাসড়ক ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত মাদরাসাছাত্র ইয়াসিন আলীর (১৫) মৃত্যুর প্রতিবাদে দীর্ঘ তিন ঘণ্টা মহাসড়ক অবরোধের পর অবশেষে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। এই দীর্ঘ অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয় প্রায় ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট, যাতে চরম ভোগান্তির মুখে পড়েন হাজারো যাত্রী।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই আন্দোলন চলে বিকেল ৩টা পর্যন্ত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসা ও আশপাশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় নিরাপদ সড়ক পারাপারের ব্যবস্থার দাবি জানানো হলেও তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যেই শনিবার রাতে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারায় মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন এবং মহাসড়কে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে অবরোধ শুরু করেন তারা।

সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীর্ঘ তিন ঘণ্টার আলোচনা-প্রচেষ্টার পর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা সড়ক ছেড়ে দেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি দ্রুত কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী। এই ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়, যার জেরেই রোববার সকাল থেকে মহাসড়ক অবরোধের এই কর্মসূচি পালিত হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ