Views Bangladesh Logo

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মাহদী আমিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মাহ্দী আমিন বলেন, বিরূপ আবহাওয়ার মধ্যেও কেন এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে, তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের উদ্বেগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

তিনি জানান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক ভারি বৃষ্টিতে কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

মাহ্দী আমিন বলেন, পরীক্ষার্থীরা সরকারের কাছে সন্তানতুল্য। তাদের ভবিষ্যৎ, মানসিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই যথাসময়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় কয়েক দিন ধরে আবহাওয়া অধিদপ্তর এবং বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সব বোর্ডের অধীন এলাকায় পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিবেশ রয়েছে।

তবে কোথাও জলাবদ্ধতা বা যাতায়াতজনিত সমস্যার কারণে কোনো পরীক্ষার্থী ভোগান্তিতে পড়লে স্থানীয় প্রশাসনকে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বাড়ানোর মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মাহ্দী আমিন বলেন, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে।

তিনি আরও জানান, বিরূপ আবহাওয়ার কারণে দেশের অন্য কোথাও কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে, তিনি চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল থাকার বিষয়টি উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীবান্ধব নীতিরই প্রতিফলন।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নৌকায় পরীক্ষার্থী পারাপারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আকস্মিক জলাবদ্ধতার কারণে ওই একটি কেন্দ্রের ৯৮৭ জন পরীক্ষার্থী সাময়িক সমস্যায় পড়েছিল। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দিয়ে পূর্ণ সময় নিশ্চিত করা হয় এবং প্রশাসনের উদ্যোগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। তবে কুমিল্লা বোর্ডের বাকি ১৯২টি কেন্দ্রে পরীক্ষা স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

মুষ্টিমেয় কয়েকটি কেন্দ্রের ছবি বা ভিডিও পুরো পরীক্ষাব্যবস্থার প্রতিনিধিত্ব করে না উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, পুরোনো বা বিভ্রান্তিকর ছবি-ভিডিও ব্যবহার করে অপপ্রচার কিংবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা কাম্য নয়।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ। প্রাকৃতিক দুর্যোগে কিছু পরীক্ষার্থী কষ্ট পেলেও দেশের অধিকাংশ পরীক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ