চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে আবারও শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর পাশাপাশি ওই খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গ্রাম উন্নয়ন কর্ম’কে (গাক) ১ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এসব তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টা থেকে বিকাল সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীদের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘অন্য দিনের মতো গতকালও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ডিম ও বনরুটি দেওয়া হয়। খাবার খেয়ে একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে।’
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থী মাহুমুদা আক্তার বলে, ‘টিফিন খাওয়ার সময় ডিমের সাদা অংশে কালো কিছু একটা দেখে সেটি ফেলে দিয়ে শুধু কুসুম খাই। অনেকে ডিম খায়নি। যারা খেয়েছে, তাদের অনেকের পেটব্যথা শুরু হয়।’
শিক্ষার্থীদের শারীরিক অবস্থার বিষয়ে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, ‘অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবারই পেটব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন উপসর্গ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়েছে। তবে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা আশঙ্কামুক্ত। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, ‘ এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি খাবারে কী ধরনের ত্রুটি ছিল, তা খতিয়ে দেখবে। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রতিবেদনের ভিত্তিতে স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’
উল্লেখ্য, এর আগেও জেলার চারটি বিদ্যালয়ে ‘গাক’ এর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল। সেসব ঘটনায় একাধিক মামলা ও তদন্ত হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে।
মতামত দিন