Views Bangladesh Logo

ঠাকুরগাঁওয়ে আবারও মিড ডে মিল খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ২৯ জন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে আবারও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার খাওয়ার পর একে একে ২৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে অন্যান্য খাবারের সঙ্গে ছিল ডিম। খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। তাদের তীব্র পেটব্যথা, বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পরে দ্রুত তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। ফুড অ্যালার্জির কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খাবারের মান কিংবা অন্য কোনো কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গীর তিনটি বিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থী মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। এর কয়েক দিনের ব্যবধানে একই উপজেলায় আবারও এমন ঘটনা ঘটায় শিক্ষার্থীদের জন্য পরিবেশিত খাবারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ